সীমান্ত বাণিজ্য প্রসারে ভারত-বাংলাদেশি কয়লা ব্যবসায়ীদের বৈঠক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়লা বাণিজ্য সম্প্রসারণ, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ এবং সীমান্ত বাণিজ্যের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় কয়লা রপ্তানিকারকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় কয়লা আমদানিকারকদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের আমদানিকারকদের নেতৃত্ব দেন হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ভারতীয় রপ্তানিকারকদের নেতৃত্ব দেন এক্সপোর্টার এসোসিয়েশনের উপদেষ্টা বিজয় সিং‌ দোসি।

বৈঠকে কয়লা আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, পণ্য পরিবহন, বাণিজ্যিক কার্যক্রমের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং উভয় দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‌‘হালুয়াঘাট সীমান্ত বাণিজ্যের অপার সম্ভাবনাময় একটি অঞ্চল। কয়লা আমদানি-রপ্তানি কার্যক্রম এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ বাণিজ্যকে আরও গতিশীল করতে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আস্থা, সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা জরুরি।’

তিনি বলেন, ‘সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ, স্বচ্ছ ও গতিশীল হলে ব্যবসায়ীদের পাশাপাশি পরিবহন শ্রমিক, দিনমজুর এবং স্থানীয় জনগণও অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।’

প্রিন্স আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে হবে। হালুয়াঘাট সীমান্তের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করতে আমরা আগ্রহী।’

তিনি ভারতীয় রপ্তানিকারক ও বাংলাদেশি আমদানিকারকদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং আলোচনার মাধ্যমে বাণিজ্যিক সমস্যার বাস্তবসম্মত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের মহাসচিব অশোক কুমার সরকার, সহ সভাপতি জয়নাল আবেদীন, চন্দন কুমার ঘোষ, খালিদ ইকবাল নিটল, স্টিফেন স্ট্যান্টন রংদি, শহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, রাজীব কুমার দত্ত, কামরুজ্জামান দুলাল, শামসুল আলম শামস, আসাদুজ্জামান আসিফ, এমদাদুল ইসলাম, আলিমুল ইসলাম, আব্দুল বারী, অপু সরকার এবং ভারতীয় রপ্তানিকারক নেতৃবৃন্দের মধ্যে জর্জ এস. মারাক, প্রভাস রিছিল মারাক, মনোজ কুমার সারাওয়াগি, বরুণ রিছিল মারাক, দীপক চক্রবর্তী, কুলদীপ কুমার বানসাল, শশী ভূষণ শর্মা, দেবপ্রসাদ পাল, অচিন্ত বরাহ বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights