সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এমপিও আহত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুলও আহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার বেলা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ চলে। এসময় এমপি কামরুল সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। পথে সংঘর্ষের খবর পেয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে বিরোধ মেটাতে ঘটনাস্থলে যান।

এ সময় উভয় পক্ষের ছোড়া ইটপাটকেলে কাচ ভেঙে এসে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলে পায়ে ও হাতে আঘাত লাগে। পরে তিনি তার সহকর্মীদের নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের এসে চিকিৎসা নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়া বাজার সংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার নিকট থেকে প্রায় এক বছর আগে কিছু জমি কিনেছিলেন কোনাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী। তবে দীর্ঘদিন ধরে তাগিদ দেওয়ার পরও জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় উভয়ের মধ্যে বিরোধ দেখা দেয়।

এ নিয়ে দুই দিন আগে মোহাম্মদ আলী সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়াকে গালিগালাজ করেন। এর জের ধরে জাউয়া বাজারে আফরোজ মিয়ার লোকজনের সঙ্গে মোহাম্মদ আলীর লোকজনের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার বিকেলেও উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারামারি হয়।

এর জের ধরে শুক্রবার সন্ধ্যার পরও দুই পক্ষের লোকজন জাউয়া বাজার এলাকায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

সংসদ সদস্যের হস্তক্ষেপ ও যৌথবাহিনীর প্রচেষ্টায় দীর্ঘ আড়াই ঘণ্টা পর পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, এক বছর আগে কেনার পরও জমির রেজিস্ট্রি না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে অনেকেই হতাহত হয়েছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights