সুন্দরবনে ৩০০ ফাঁদসহ হরিণ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে হরিণ শিকারকালে ‘নাসির গ্যাং’-এর উপপ্রধান মো. আরিফুল ইসলাম দুলালকে (৫০) গ্রেফতার করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কচিখালী অভয়ারণ্যের কাছে সুখপাড়া খালের পাশে ফাঁদ পেতে শিকারে নেমে ধরা পড়েন তিনি।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারের সময় তার কাছ থেকে হরিণ শিকারে ব্যবহৃত ৩০০টি মালা ফাঁদ, একটি ছুরি, একটি করাত, ২০০ গজ পলিথিন, ১১টি খালি প্লাস্টিক বস্তা, দুটি পালিত ও প্রায় ১০০ পুট প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়েছে।

স্মার্ট পেট্রোলিং টিম ২-এর টিম লিডার দিলীপ মজুমদার বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে আমরা পায়ে হেঁটে টহল দেওয়ার সময় সুখপাড়া খালের পাশে এক ব্যক্তিকে ফাঁদ পাততে দেখি। তাৎক্ষণিকভাবে তাকে আটক করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেক মিরনের ছেলে ও ‘নাসির গ্যাং’-এর উপপ্রধান দুলাল বলে স্বীকার করে।’

দুলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে কচিখালী অভয়ারণ্যের বন অফিসে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনে চোরাশিকার রোধে বন বিভাগ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights