সূর্যবংশীকে ভারতের টেস্ট দলে দেখতে চান অশ্বিন

অনলাইন ডেস্ক

আইপিএলে মুগ্ধ করে যাচ্ছেন ভারতীয় বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। গড়েছেন একের পর এক রেকর্ড। এই তারকা ক্রিকেটারকে এবার টি-টোয়েন্টি, ওয়ানডের পাশাপাশি টেস্টেও দেখতে চান ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দন অশ্বিন।

ভয়ডরহীন ব্যাটিংয়ে নজর কেড়েছেন সূর্যবংশী। চলতি আইপিএলে একাধিক ম্যাচে ১৫ বলে ফিফটি করেছেন। গড়েছেন সবচেয়ে কম বয়সে ১০০ ছক্কা হাঁকানোর কীর্তি। ইনিংস ও বলের হিসেবেও সবার আগে এই বাঁহাতি ব্যাটার।

বোলারদের তুলোধুনো করা এই ক্রিকেটারকে টেস্টেও দেখতে চান ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দন অশ্বিন। দিয়েছেন যুক্তিও।

জিও হটস্টারকে অশ্বিন বলেন, প্রত্যেক বোলারকে নাস্তানাবুদ করছে সে। টেস্ট ম্যাচে তাকে দেখতে আমার কোনো আপত্তি নেই এবং খেলার তিন সংস্করণেও তাকে দেখতে আমার কোনো আপত্তি থাকবে না। তাকে ক্রিকেট মাঠে নিয়ে আসুন, দর্শকদের আসতে দিন, কারণ সে বিনোদন দেবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫টি করে ছক্কা ও চারে ৮০ বলে ১৭৫ রানের টর্নেডো ইনিংস খেলে ভারতের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন সূর্যবংশী। সাত ইনিংসে ১৬৯.৪৯ গড়ে ৪৩৯ রান করেছিলেন তিনি। এই তরুণ ক্রিকেটারকে বক্স অফিস ক্রিকেটার আখ্যা দিয়েছেন অশ্বিন।

অশ্বিন আরো বলেন, কোনো চেষ্টাই বাকি রাখছে না সে, ক্রিকেট বলের ওপর তার সর্বশক্তি প্রয়োগ করছে। এমনকি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও যেভাবে সবকিছু একসঙ্গে মিলিয়ে খেলেছে, তাতে তাকে একজন বক্স অফিস ক্রিকেটার মনে হচ্ছে।

সূর্যবংশীর মতো ব্যাটারকে নিজের মতো থাকতে দিতে চান অশ্বিন। উপভোগের পরামর্শের পাশাপাশি বাড়তি চাপ দিতে চান না এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, ক্রিকেট ক্যারিয়ারে এমন সুযোগ খুব কমই আসে, যখন ক্রিকেটকে পুরোপুরি উপভোগ করা যায়, আর ওর বয়স তো মাত্র ১৫ বছর। আমার মনে হয়, ওকে ওর মতো থাকতে দেওয়া উচিত। ক্যারিয়ারের এই পর্যায়ে ওর যা করা উচিত নয়, তা করতে বলার কোনো মানে হয় না।

সূর্যবংশীর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও গুঞ্জন আছে ভারতের আয়ারল্যান্ড সফরের স্কোয়াডে জায়গা পেতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights