সেলাই মেশিন উপহার পেয়ে আবেগাপ্লুত দারিদ্র্য নারীরা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দুস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে দীর্ঘ পাঁচ মাস প্রশিক্ষণ শেষে ২০ জনকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। সেলাই মেশিন উপহার পেয়ে আবেগাপ্লুত দারিদ্র্য পরিবারের নারীরা।

রবিবার দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সেলাই মেশিনগুলো বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির মো, আ.করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা ও যুগ্ম সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান।

এ সময় শুভসংঘের জেলা কমিটির সভাপতি হুমায়ুন আহমদ বিপ্লব ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন উপহার পেয়ে পূর্ব বাটিকামারীর চরের শাহনাজ বেগম বলেন, বান বন্যা, নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছি। স্বামী নাজমুল হোসেন মানুষের জমি বর্গা নিয়ে চাষ করেন। চাষের খরচ, মালিককে ফসলের ভাগ দেওয়ার পর বড়জোড় তিন চার মাসের খরচ জোটে। তারপর স্বামী স্ত্রী গায়ে খেটে চার ছেলে-মেয়েসহ ছয়জনের সংসার টানেন। বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়ার পর উপহার হিসেবে পাওয়া এই সেলাই মেশিনটি বাড়তি আয়ের সুযোগ করে দিল।

সেলাই মেশিন পেয়ে কামারজানির গোঘাট মাঝি পাড়ার গৃহবধু স্বরস্বতী দাস বলেন, স্বামী হৃদয় চন্দ্র দাস পেশায় মৎস্যজীবি। এই সময়ে নদীতে মাছ কমে যাওয়ায় আয় অনেক কম। এক মেয়েসহ তিনজনের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

তিনি জানান, শুভসংঘের প্রশিক্ষণ গ্রহণের পর এখন তিনি সব ধরণের পোশাক তৈরি করতে পারেন। সেলাই মেশিনটি তার অনেক সাধনার প্রাপ্তি। এখন বাড়ির কাজের পাশাপাশি পোশাক তৈরি করেও আয় করতে পারবেন। এতে তার স্বামীর ওপর চাপ কমবে। মেয়েকে স্কুলে ভর্তি করার স্বপ্নপূরণ হবে।

নদের তাণ্ডবে ঘরবাড়ি হারানো জেলে পাড়ার তাপসী সরকার, বাঁধের পাশে বসবাসকারী রোজিনা বেগম অনু, নীলা আক্তাররাও সেলাই মেশিন পেয়ে খুশি।

রোজিনা বেগম বলেন, অভাবের এই দুঃসহ জীবন থেকে বের হতে চাই। এই সেলাই মেশিনকে অবলম্বণ করে এখন ঘুরে দাঁড়াতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights