সৌদিতে সার কারখানা করতে চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
দেশে ডিএপি সারের আমদানিনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরবে সার কারখানা স্থাপনের পরিকল্পনা করছে সরকার। সৌদি আরবের সঙ্গে ৫০:৫০ অংশীদারিতে যৌথ বিনিয়োগে বছরে ১০ লাখ টন উৎপাদনক্ষমতার কারখানা স্থাপনের প্রস্তাব তৈরি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, কারখানায় উৎপাদিত পুরো সার ২০ থেকে ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২০৩০ সাল থেকে উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে।
বর্তমানে দেশের ডিএপি সারের চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। সীমিত দেশীয় উৎপাদন সক্ষমতার কারণে আন্তর্জাতিক বাজার ও বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে। এ পরিস্থিতিতে সৌদি আরবে যৌথ বিনিয়োগে উৎপাদন কারখানা স্থাপন করে দীর্ঘমেয়াদে সার সংগ্রহের নিশ্চয়তা তৈরি করতে চায় সরকার। এতে সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তুলনামূলক কম দামে সার পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সৌদি আরব সফরকে সামনে রেখে এ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা এগোচ্ছে। খসড়া ধারণাপত্রে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মা’আদেন)-এর অংশগ্রহণের সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রস্তাবিত অর্থায়ন কাঠামো অনুযায়ী, প্রকল্পের ৩০ শতাংশ অর্থ আসবে মূলধনি বিনিয়োগ থেকে এবং বাকি ৭০ শতাংশ ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে। সৌদি অংশীদার নিরবচ্ছিন্ন গ্যাস ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত করবে। তবে প্রকল্পের মোট বিনিয়োগ ব্যয় এখনো নির্ধারণ করা হয়নি। বিস্তারিত কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে তা নিরূপণ করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথমে একটি বাধ্যতামূলক নয় এমন সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এরপর সম্ভাব্যতা সমীক্ষা শেষে বাংলাদেশ সরকার অথবা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে সৌদি অংশীদারের চূড়ান্ত চুক্তি হবে।
দেশের চাহিদার বড় অংশ আমদানিনির্ভর : কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে মাঠপর্যায়ে ডিএপি সারের বার্ষিক চাহিদা ১৪ থেকে ১৫ লাখ টন। এর সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সংরক্ষিত প্রায় ৫ লাখ টন নিরাপত্তামূলক মজুত যোগ করলে মোট প্রয়োজন দাঁড়ায় ১৯ থেকে ২০ লাখ টন। অন্যদিকে, বিসিআইসির নিজস্ব উৎপাদন সক্ষমতা বছরে মাত্র ১ লাখ টন। বেসরকারি আমদানিকারকেরা সরবরাহ করেন প্রায় ৫ লাখ টন। ফলে চাহিদার বড় অংশ পূরণে বিদেশি উৎসের ওপর নির্ভর করতে হয়।
কৃষি মন্ত্রণালয়ের মূল্যায়ন অনুযায়ী, বেসরকারি আমদানিকারক ও বিএডিসি মিলে ২০২৩-২৪ অর্থবছরে ১২ লাখ ৭২ হাজার টন, ২০২৪-২৫ অর্থবছরে ১৩ লাখ ৯৯ হাজার টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৬ লাখ ২০ হাজার টন ডিএপি সার আমদানি করেছে।
২০২৭-২৮ অর্থবছরে ডিএপি সার সরবরাহের লক্ষ্যমাত্রা ১৪ লাখ ৮০ হাজার থেকে ১৫ লাখ টন। আগামী বছরগুলোতে সৌদি আরব ও বেসরকারি খাতের উৎস থেকে বছরে প্রায় ৯ লাখ ৮০ হাজার থেকে ১০ লাখ টন সার সংগ্রহ করতে হবে বলে প্রাক্কলন করেছে কৃষি মন্ত্রণালয়।
চুক্তি অনুযায়ী, সৌদি আরব প্রতি চালানে ৪০ হাজার টন করে ডিএপি সার সরবরাহ করবে। দুই বছরে সর্বোচ্চ ৩০টি চালানে ১২ লাখ টন সরবরাহের সুযোগ রয়েছে। এর মধ্যে বছরে ১১টি চালান বা ৪ লাখ ৪০ হাজার টন সরবরাহ বাধ্যতামূলক।
এদিকে খসড়া ধারণাপত্রে বছরে ১০ লাখ টন উৎপাদনের কথা বলা হলেও বিসিআইসি প্রাথমিকভাবে ৫ লাখ টন সক্ষমতার কারখানা স্থাপনের সুপারিশ করেছে। গত ৯ সেপ্টেম্বর সংস্থাটি বছরে ২৬ লাখ ৫০ হাজার টন ডিএপি সারের চাহিদা নির্ধারণের ভিত্তি নিয়েও প্রশ্ন তোলে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি ক্রয় নিশ্চয়তার বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের মতামত নেওয়ার সুপারিশ করে।
গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগ ও শিল্প সচিবের বৈঠকের পর এ উদ্যোগ এগোয়। ২০ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব কৃষি সচিবের কাছে চাহিদা ও দীর্ঘমেয়াদি ক্রয় নিশ্চয়তা বিষয়ে মতামত চান। ১৩ অক্টোবর কৃষি মন্ত্রণালয় তাদের মূল্যায়ন জানায়। পরে ২৭ অক্টোবর সংশোধিত ধারণাপত্র শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সুবিধাজনক সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ডিএপি সারের আমদানিনির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য সরবরাহের উৎস গড়ে তোলার সুযোগ তৈরি হবে। তবে প্রকল্পের আকার ও ক্রয়চুক্তি চূড়ান্ত করার আগে দেশের প্রকৃত চাহিদা এবং বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা যাচাই করা জরুরি।
