হকারদের পুনর্বাসনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

হকারদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় হকাররা। শনিবার সকাল ১১টায় এই মানববন্ধনে বিপুলসংখ্যক হকার অংশ নেন। ‎হকার আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা।

প্রধান অতিথির বক্তব্যে দুলাল সাহা বলেন, জীবিকার তাগিদে হকাররা প্রতিদিন তীব্র রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে ব্যবসা করেন। এতে করে তাদের পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ হয়। কিন্তু উচ্ছেদ অভিযান ও পুনর্বাসনের অভাবে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

‎তিনি বলেন, একজন গরিব মানুষ সারাদিন রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে জীবিকা নির্বাহ করবে—এটা কি তার অপরাধ? অনেক হকার কিস্তি নিয়ে ব্যবসা শুরু করেন, পরে সেই কিস্তি পরিশোধ করতে গিয়ে আবার নতুন ঋণে জড়িয়ে পড়েন। এতে তাদের জীবনে বাড়ে দুঃসহ চাপ।
‎
‎তিনি আরও বলেন, হকাররা জনদুর্ভোগ সৃষ্টি করে বাঁচতে চান না, বরং সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে চান। একই সঙ্গে বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “আমরা চাই সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করুক। তবে যদি জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে জনগণও প্রতিবাদে নামবে।”

‎হকারদের সমস্যা সমাধানে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করতে হবে। এতে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং হকার প্রতিনিধিদের নিয়ে আলোচনা করে একটি স্থায়ী পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করতে হবে।

‎মানববন্ধন শেষে হকাররা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights