হবিগঞ্জে দুই ভাইয়ের সংঘর্ষে গেল ভাতিজার প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মঈনুল হোসেন (২২) নামে এক যুবক টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর পূর্বে সোমবার (২২ মে) সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। নিহত মঈনুল হোসেন উপজেলার টুপিয়াজুরি গ্রামের নূর ইসলামের পুত্র।

জানা যায়, ওই গ্রামের নূর ইসলামের সাথে তার আপন ভাই তাজুল ইসলামের দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। সোমবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা হয়। এসময় দুই ভাইয়ের লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় বুকে টেটাবিদ্ধ মঈনুলকে সিলেট নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায় সে। নিহত মাঈনুল সম্পর্কে তাজুল ইসলামের ভাতিজা।
এ ব্যাপারে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights