হরমুজে ইরানকে টোল দেয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা, নিষেধাজ্ঞার হুমকি

অনলাইন ডেস্ক

ইরানকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে টোল বা অন্য কোনো ফি পরিশোধ না করার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেওয়া এই সতর্কতায় বলা হয়েছে, এ ধরনের অর্থ পরিশোধ করলে সংশ্লিষ্ট জাহাজ বা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

এই সতর্কতা এমন সময়ে এলো, যখন প্রণালীটিতে মার্কিন নৌ অবরোধ টানা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে আছে। এ পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির বন্দরগুলোতে চলমান অবরোধকে অসহনীয় বলে মন্তব্য করেছেন।

ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পরপরই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের সক্ষমতা ইরানের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে সামনে আসে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

যুদ্ধ বন্ধে আগের প্রস্তাবগুলোতে ইরান প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি বা টোল নেওয়ার প্রস্তাব দেয়, তবে ওয়াশিংটন তা বারবার প্রত্যাখ্যান করে।

হোয়াইট হাউজ-এর মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং যুক্তরাষ্ট্রের স্বল্প ও দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা চলছে।

গত ৭ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে উভয় পক্ষই বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে, যদিও আলোচনা স্থবির হয়ে পড়ায় ট্রাম্প বারবার হামলা পুনরায় শুরুর হুমকি দিয়েছেন।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার জানিয়েছেন, ওয়াশিংটন যদি তাদের আধিপত্যবাদ নীতি ও হুমকিমূলক ভাষা পরিবর্তন করে, তবে তেহরান এখনো কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত রয়েছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights