‘হাদির শহীদি মৃত্যুকে আমরা কোনো হঠকারী গ্রুপকে ব্যবহার করতে দেব না’
অনলাইন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। এমন অবস্থায় সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুক পোস্টে তিনি আরও জানান, জনগণের বিক্ষোভকে ভিন্নখাতে প্রবাহের জন্য বিভিন্ন হঠকারী গ্রুপ চেষ্টা করছে। এরা জুলাইবিরোধী, এদের উদ্দেশ্য ভিন্ন। সবাই শান্তিপূর্ণভাবে ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে যান।
এর কিছুক্ষণ পরে তিনি আরেক ফেসবুক পোস্টে জানান, শরিফ ওসমান হাদির লড়াই প্রতিষ্ঠান গড়ার লড়াই। গঠনতান্ত্রিক লড়াই। আধিপত্যবাদ ভেঙে বাংলাদেশ গড়ার লড়াই। যারা আজকে আগুন দিয়ে আন্দোলন ও বিক্ষোভকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং এই কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে, তারা হাদির স্পিরিটের বিরোধী। এটা পরিকল্পিত স্যাবোটেজ।
সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান নাহিদ। তিনি আরও জানান, হাদির শহীদি মৃত্যুকে আমরা কোনোভাবেই কোনো হঠকারী গ্রুপকে ব্যবহার করতে দেব না।
পোস্টের শেষে তিনি বলেন, হাদির খুনি ও গণহত্যাকারী হাসিনাকে ভারত থেকে ফেরত দিতে হবে।
