হাসপাতাল থেকে শিশু চুরি, ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার সম্ভব হয়নি। পুলিশ বলছে চুরি হয়ে যাওয়া নবজাতক উদ্ধারে একাধিক টিম কাজ করছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া নবজাতকের মা আয়েশা আক্তার হাসপাতালের নবাব ফয়জুন্নেছা ওয়ার্ডে চিকিৎসাধীন। সন্তান হারিয়ে পাগলপ্রায় মা আয়েশা বলেন, সারারাত ছটফট করেছি। আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে জানি না। আমার মেয়েকে আপনারা ফিরিয়ে দেন। আমি আর কিছু চাই না।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গোয়েন্দা পুলিশসহ একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আমরা আশাবাদী। শিশুটি উদ্ধারের পরই বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট কুমিল্লা জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে আয়েশা ও জসীম দম্পতির একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তাদের বাড়ি কুমিল্লা নগরীর বারপাড়ায়। রবিবার নবজাতকের নানি নূরজাহান বেগম বহির্বিভাগে টিকিট কাটতে যান। এ সময় এক নারী টিকিট কেটে দেবে বলে নাতনিকে নিয়ে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরকা পরিহিত এক নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যাচ্ছে।
