হীরক জয়ন্তী উদযাপনে মুখর বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের হীরক জয়ন্তী উৎসব উদযাপন করেছে।
প্রথম দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এরপর মোটরবাইক র্যালি আশপাশের কয়েকটি গ্রাম প্রদক্ষিণ করে উৎসবের বার্তা ছড়িয়ে দেয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ফায়ারওয়ার্কস এবং বিদ্যালয়ের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় দিন আজ শুক্রবার প্রাক্তন শিক্ষার্থীদের র্যালি, স্মৃতিকথন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র যুক্তরাষ্ট্রপ্রবাসী আলহাজ মোহাম্মদ আবদুল হক। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ডা. সুবোধ কুমার দেবনাথ ও কোহিনুর হক রুবি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য-সচিব আবুল মনসুর হালিম এবং অনুষ্ঠান আহ্বায়ক মো. জসিম উদ্দিন হেলাল।
এ উপলক্ষে প্রকাশিত হীরক জয়ন্তী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল ও সাব্বির। রাঙামাটি থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের গান ও নৃত্য অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
