হুতিদের বিরুদ্ধে পদক্ষেপে মক্কা চুক্তির সামনে জটিল সমীকরণ
অনলাইন ডেস্ক
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম বড় পরীক্ষা হিসেবে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপকে দেখা হচ্ছে। তবে ইসলামি সংহতির বার্তা সামনে রেখে করা এই চুক্তির প্রথম পরীক্ষাই হুতিদের ঘিরে হওয়ায় এর দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক বেতুল দোগান-আক্কাস আল-জাজিরাকে বলেন, গাজা বা ফিলিস্তিনে ইসরায়েলি হুমকির পরিবর্তে ইসলামি ভূখণ্ড রক্ষার ধারণাকে সামনে রেখে মক্কা প্রতিরক্ষা চুক্তিকে প্রথমবারের মতো উপস্থাপন করা হতে পারে।
তবে চুক্তিটির প্রথম দফার কার্যক্রমে হুতিদের হুমকিকে কেন্দ্র করে অবস্থান নির্ধারণ করা হলে দীর্ঘমেয়াদে এর ব্র্যান্ডিং ও জনমনে গ্রহণযোগ্যতার জন্য তা খুব একটা ইতিবাচক নাও হতে পারে বলে মনে করেন তিনি।
দোগান-আক্কাস বলেন, লক্ষ্য ইসরায়েল বা পশ্চিমা কোনো দেশ না হলেও শেষ পর্যন্ত একটি মুসলিম দেশ বা মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট পক্ষকে লক্ষ্য করা হবে। ফলে বিষয়টি কিছুটা বিতর্কিত ও জটিল হয়ে উঠতে পারে।
ইয়েমেনের হুতিরা জায়দি শিয়া মুসলিম এবং ইরানের সমর্থনপুষ্ট। এই বাস্তবতা মক্কা প্রতিরক্ষা চুক্তির ভবিষ্যৎ সদস্যপদ নিয়েও প্রশ্ন তৈরি করছে বলে মনে করেন দোগান-আক্কাস।
তার ভাষ্য, চুক্তিটি ভবিষ্যতে অন্য পক্ষগুলোর জন্য উন্মুক্ত রাখার কথা বলা হলেও এর প্রথম কার্যকর লক্ষ্য যদি ইরানের একটি প্রক্সি গোষ্ঠী হয়, তাহলে চুক্তিটির ভবিষ্যৎ গতিপথ কী হবে এবং শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে দাঁড়াবে—সে প্রশ্ন সামনে আসতে পারে।
সূত্র: আল-জাজিরা।
