হেডের বিজ্ঞাপনে বেঙ্গালুরুর অবমাননার মামলা খারিজ

অনলাইন ডেস্ক

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। মাঠের বাইরেও এবার আলোচনায় আসেন তিনি একটি বিজ্ঞাপনে অভিনয় করে। উবারের হয়ে করা সেই বিজ্ঞাপন ঘিরে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্ষুব্ধ হয়ে আদালতের দ্বারস্থ হলেও দিল্লি হাইকোর্ট শেষ পর্যন্ত মামলা খারিজ করে দিয়েছে।

বেঙ্গালুরুর মালিকপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড অভিযোগ তোলে, উবারের বিজ্ঞাপনটি তাদের ব্র্যান্ডকে ব্যঙ্গ করেছে এবং অনুমতি ছাড়া তাদের জনপ্রিয় স্লোগান ব্যবহার করেছে। তবে বিচারপতি সৌরভ ব্যানার্জি রায়ে বলেন, বিজ্ঞাপনটি ক্রিকেট-ভিত্তিক একটি সৃজনশীল উপস্থাপন। এতে কোনো আইন লঙ্ঘন হয়নি বরং এটি একটি সুস্থ রসিকতা।

গত ৫ এপ্রিল প্রকাশিত ৫৮ সেকেন্ডের সেই বিজ্ঞাপনে হেডকে দেখা যায় বেঙ্গালুরুর ঘরের মাঠ বলে পরিচিত একটি স্টেডিয়ামে প্রবেশ করতে। সেখানে তিনি বেঙ্গালুরুর নামের ওপর স্প্রে দিয়ে লেখেন ‘রয়্যালি চ্যালেঞ্জড’ এরপর দৌড়ে পালিয়ে যান একটি উবার মোটরবাইকে চড়ে। যাওয়ার সময় বলেন, ‘আমি ট্রাভিস হেড এবং আমরা হায়দরাবাদি।’

এ ছাড়াও বিজ্ঞাপনে বেঙ্গালুরুর জনপ্রিয় স্লোগান ‘এ সালা কাপ নামদে’ (এই বছর কাপ আমাদের) ব্যবহার করা হয়, যা নিয়ে অতীতে অনেক হাস্যরস চলেছে, কারণ এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটি কোনো আইপিএল শিরোপা জিততে পারেনি।

বেঙ্গালুরুর আইনি প্রতিনিধির দাবি ছিল, বিজ্ঞাপনটি ইচ্ছাকৃতভাবে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বানানো হয়েছে, এবং এতে সাবেক বেঙ্গালুরুর ক্রিকেটার ট্রাভিস হেডকে ব্যবহার করা হয়েছে।

জবাবে উবারের পক্ষ থেকে বলা হয়, ‘বিজ্ঞাপনটি সম্পূর্ণই শহরের যানজট ও মজার প্রেক্ষাপটে বানানো, এতে দল বা খেলোয়াড়দের ছোট করার কোনো উদ্দেশ্য নেই। এটি ভারতীয়দের রসবোধকে সম্মান করেই তৈরি।’

বিচারপতি ব্যানার্জি বলেন, ‘ক্রিকেট-ভিত্তিক একটি বিজ্ঞাপনকে এত সংকীর্ণভাবে দেখা উচিত নয়। এতে হাস্যরস থাকলেও অপমান করার মতো কিছু নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights