১০০ কোটি মানুষ ফলো করছেন রোনালদোকে!

অনলাইন ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো ৯০০ গোলের মাইলফলক ছাড়িয়ে এখনও দুর্দান্ত গতিতে ছুটছেন। এবার গড়লেন আরেক রেকর্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১ বিলিয়ন ( ১০০ কোটি) অনুসারীর মাইলফলক ছুঁয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো নিজেই জানিয়েছেন এই কথা। ইংরেজিতে 1B আকৃতির মধ্যে বর্ণাঢ্য ক্যারিয়ারের অনেকগুলো মুহূর্তের ছবি বসিয়েছেন রোনালদো। শিরোনাম দিয়েছেন ১০০ কোটির স্বপ্ন, একটি যাত্রা।

পোস্টে রোনালদো লিখেছেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি, ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু সংখ্যা নয়, তারচেয়েও বেশি কিছু। এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।’
রোনালদো মাদেইরার রাস্তা থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত হাঁটার স্মৃতিও রোমন্থন করেছেন। সমর্থকদেরও দিয়েছেন ধন্যবাদ। রোনালদো লিখেছেন, ‘আমার এ যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে, সব উত্থান-পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন। এই যাত্রা আমাদের যাত্রা এবং আমরা একসঙ্গে দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই।’

বর্তমানে ছয়টি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন রোনালদো। ইনস্টাগ্রামে তার অনুসারী ৬৩ কোটি ৯০ লাখ। যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ। দুইয়ে আছে ফেসবুক। এই প্ল্যাটফর্মে রোনালদোর অনুসারী সংখ্যা ১৭ কোটি ৫ লাখ। এক্সে (সাবেক টুইটার) ১১ কোটি ৩০ লাখ। রোনালদো তার ইউটিউব চ্যানেল ‘ইউআর ক্রিস্টিয়ানো’ প্রকাশ্যে এনেছেন তিন সপ্তাহ হলো। সেই চ্যানেলেও সাবস্ক্রাইবার বেড়েছে ‘বিদ্যুৎগতি’তে। ভিডিও শেয়ারিংয়ের এই প্ল্যাটফর্মে অল্প সময়েই তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬ কোটি ৬ লাখ।

এ ছাড়া চীনের মালিকানাধীন দুটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন রোনালদো। একটি কোয়াইশু, অন্যটি ওয়েইবো। কোয়াইশুতে তাঁর অনুসারী সংখ্যা ৯৪ লাখ, ওয়েইবোতে ৭৫ লাখ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী সংখ্যায় রোনালদো শীর্ষে আছেন অনেক দিন ধরেই। দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী সেলেনা গোমেজের সঙ্গে তাঁর অনুসারী সংখ্যার ব্যবধান এবার আরও বেড়ে গেল। বর্তমানে সেলেনার অনুসারী রোনালদোর চেয়ে ২৯ কোটি ১৮ লাখ কম। শীর্ষ পাঁচের অন্য তিনজনও সংগীতশিল্পী। যথাক্রমে তিনে, চারে ও পাঁচে আছেন জাস্টিন বিবার, টেলর সুইফট ও আরিয়ানা গ্রান্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights