১০ জন নিয়েও সেভিয়াকে উড়িয়ে দিল বার্সা

অনলাইন ডেস্ক

স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। বড় জয়ে লিগ টেবিলের শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা।

রবিবার রাতে সেভিয়ার মাঠে ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। লেভানদোস্কি, রাফিনিয়ার পর গোল পেয়েছেন বদলি নামা ফেরমিন লোপেজ ও এরিক গার্সিয়া।

ম্যাচের শুরুতে লেভানদোস্কির গোলে এগিয়ে গেলেও স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সেলোনার। পরের মিনিটেই সমতায় ফেরে সেভিয়া। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে সাউল নিগেস পাস দেন দূরের পোস্টে, জালে পাঠাতে ভুল করেননি ভার্গাস। সমতা নিয়ে বিরতিতে যায় দুইদল।

দ্বিতীয়ার্ধের শুরুতে গাভির বদলি নেমে প্রথম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন লোপেজ।

পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৫৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। কুবার্সির পাস পেয়ে বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৬০তম মিনিটে সেভিয়ার জিব্রিলকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন ফের্মিন। পরে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি।

প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সেভিয়া, তবে লাভ হয়নি। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সেভিয়ার কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন গার্সিয়া।

লিগে ২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে, ৫০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights