১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে

অনলাইন ডেস্ক
চলমান জল্পনা শেষ পর্যন্ত সত্যি হলো। ভারতের টি টোয়েন্টি দলে এলো বড় পরিবর্তন। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শ্রেয়াস আইয়ার। একই ঘোষণায় দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। আর সব আলো কেড়ে নিয়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী, প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে।

আসন্ন জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর সামনে রেখে ঘোষিত টি টোয়েন্টি স্কোয়াডে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। ৩১ বছর বয়সী এই ব্যাটার প্রায় তিন বছর পর ফিরলেন জাতীয় দলে, তাও অধিনায়ক হিসেবে। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের হয়ে টি টোয়েন্টি খেলেছিলেন তিনি।

স্কোয়াডের সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশী। আইপিএলে দারুণ পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। নির্বাচকরা তাকে ভবিষ্যতের পরিকল্পনায় রাখছেন, বিশেষ করে ২০২৮ অলিম্পিক ও পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে।

জাতীয় দলে ডাক পেয়ে নতুন ইতিহাস গড়েছেন সূর্যবংশী। ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তবে মূল দলে খেলার আগে ভারতের এ দলের হয়ে শ্রীলঙ্কা, আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবেন এই তরুণ।

অন্যদিকে টি টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থতা এবং সাম্প্রতিক আইপিএলে ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো এবং দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই শ্রেয়াস আইয়ারকে নেতৃত্ব দিয়েছে বিসিসিআই। সাম্প্রতিক মৌসুমগুলোতেও ব্যাট হাতে ছিলেন দারুণ ফর্মে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত, ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৮ জুন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ১ থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে।

ভারত টি-টোয়েন্টি স্কোয়াড
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণু, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights