১৫ সেপ্টেম্বরের মধ্যেই বিদেশি শিক্ষার্থীদের আমেরিকার ফিরতে বলল হার্ভার্ড
অনলাইন ডেস্ক
আমেরিকার ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এই নতুন পরিবর্তনের মুখে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জরুরি পরামর্শ দিয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এফ-ওয়ান এবং জে-ওয়ান ক্যাটাগরির ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ঘোষিত প্রস্তাবিত নতুন নীতি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই নতুন ভিসা বিধিমালার কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত মেয়াদে বড় পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে। মূলত এতদিন পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা যে ডিউরেশন অব স্ট্যাটাস (ডিএস) সুবিধার আওতায় লেখাপড়া চলাকালীন নিরবচ্ছিন্নভাবে দেশটিতে অবস্থানের সুযোগ পেতেন, তা বাতিল হতে যাচ্ছে। তার পরিবর্তে এবার নির্দিষ্ট মেয়াদের অবস্থানের নিয়ম চালু করার পরিকল্পনা করা হয়েছে।
নতুন এই নিয়ম বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা যখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, তখন তাদের ফর্ম আই-নাইনফোর-এ একটি নির্দিষ্ট মেয়াদ সিল মেরে দেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা শুধু সেই নির্দিষ্ট তারিখ পর্যন্তই আইনগতভাবে অবস্থান করতে পারবেন, যা আগের চেয়ে অনেক বেশি কঠোর।
তবে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যেসকল আন্তর্জাতিক শিক্ষার্থী ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থান করছেন এবং তাদের ভিসা স্ট্যাটাস ঠিক রাখছেন, তারা একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার আওতায় কিছুটা সুযোগ-সুবিধা পেতে পারেন। কিন্তু ১৫ সেপ্টেম্বরের পর যদি কোনো শিক্ষার্থী বিদেশ ভ্রমণ শেষে পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান, তবে তাকে অবশ্যই নতুন ও কঠোর এই নিয়মের সম্মুখীন হতে হবে। এই সম্ভাব্য জটিলতা এবং ভ্রমণের ওপর নতুন কোনো বিধিনিষেধ এড়াতেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে নির্দিষ্ট সময়ের আগে ক্যাম্পাসে ফেরার পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সূত্র: এনডিটিভি
