১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের কথা ভাবছে কানাডা

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি

কানাডার সাসকাচুয়ান প্রদেশে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার একটি সম্ভাব্য প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জনমত জানতে চেয়েছেন প্রদেশটির প্রিমিয়ার স্কট মো।

তিনি জানিয়েছেন, সরকার এ উদ্যোগ বাস্তবায়নের আগে নাগরিকদের মতামত সংগ্রহ করতে চায় এবং এটি কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যেতে পারে, সে বিষয়েও আলোচনা জরুরি।

স্কট মো’য়ের বলেন, “আমাদের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়টি নিয়ে এখনই আলোচনা শুরু করা জরুরি।”

এই ধারণাটি আংশিকভাবে অস্ট্রেলিয়ার একটি আইনের উদাহরণ থেকে এসেছে। সেখানে ১৬ বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া খুলতে গেলে স্ক্রিনে একটি বার্তা দেখা যায়—আইনের কারণে তারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ ও বিষয়টি নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান স্কট মো।

কানাডায় বসবাসরত বিশেষজ্ঞ ও অনেক অভিভাবক বিষয়টি কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্য, ঘুম ও পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আবার কেউ কেউ মনে করেন, পুরোপুরি নিষেধাজ্ঞা দিলে শিশুদের ডিজিটাল দক্ষতা শেখার সুযোগ কমে যেতে পারে।

তাই অনেকের মতে, সরাসরি নিষেধাজ্ঞার বদলে নিয়ন্ত্রণ, বয়স যাচাই এবং অভিভাবকীয় তদারকি বাড়ানো বেশি কার্যকর হতে পারে।

প্রদেশের সরকার এখন নাগরিকদের মতামত সংগ্রহ করবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই প্রস্তাব নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights