১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন পেলে ঈদের ছুটি হবে ৭ দিন

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। তা অনুমোদন পেলে ঈদের ছুটি হবে সাত দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ১৮ মার্চ ছুটির প্রস্তাব করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। ঈদের পরে ছুটি হলে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরে শুক্র ও শনিবার মিলিয়ে ছুটি অনেক বেশি হওয়ায় ঈদের আগে ছুটির প্রস্তাব করা হয়েছে। যদিও এখনো তা চূড়ান্ত হয়নি। জনগণের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়তে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ রয়েছে।

এখন ঈদের আগে ১৮ মার্চ ছুটি হলে কার্যত ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ, ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে সাত দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights