২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন তিনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় স্কালোনিও তাঁর পাশে উপস্থিত ছিলেন।

তাপিয়া বলেন, ‘২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে লিওনেল স্কালোনির কোচিং স্টাফের চুক্তি নবায়নের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেব আমরা। এএফএ কার্যনির্বাহী কমিটির সকলের, একই সঙ্গে সকল আর্জেন্টাইনের জন্য আনন্দের বিষয় এটি।’

তিনি জানান, নতুন চুক্তিতে আরও চার বছরের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

দায়িত্ব চালিয়ে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪৮ বছর বয়সী স্কালোনি। তিনি বলেন, ‘প্রথম দিনের মতোই আমি এখনও সমান ক্ষুধার্ত ও রোমাঞ্চিত এবং এই ধারা অব্যাহত রাখতে পেরে আমি খুশি। আমি কৃতজ্ঞ এবং এখন থেকে একটি নতুন প্রক্রিয়া শুরু হবে।’

স্কালোনির দীর্ঘদিনের সহকারী ওয়াল্তার সামুয়েল ইউরোপে কোচিং করানোর সিদ্ধান্ত নেওয়ায় তিনি নতুন কোচিং স্টাফে থাকছেন না। তবে বাকি সদস্যরা অপরিবর্তিত থাকবেন।

এর আগে গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলের দায়িত্বে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্কালোনি। আগামী ডিসেম্বর পর্যন্ত তাঁর আগের চুক্তির মেয়াদ ছিল। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কয়েক দফা বৈঠক এবং পরিবারের সঙ্গে আলোচনার পর দায়িত্বে থাকার সিদ্ধান্ত নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights