২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস

স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম দলটির শতভাগ মালিকানা অধিগ্রহণ করেছে। এই চুক্তির আর্থিক মূল্য প্রায় ১৬৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি।

গত বছর আইপিএল শেষ হওয়ার পরই বর্তমান মালিকপক্ষ দল বিক্রির সিদ্ধান্ত নেয় এবং সেই প্রক্রিয়া শুরু হয়। একাধিক আগ্রহী পক্ষ থাকলেও শেষ পর্যন্ত সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করা হয়।

এই কনসোর্টিয়ামে যুক্তরাষ্ট্রের আরও দুই প্রভাবশালী ব্যবসায়ী রব ওয়ালটন এবং হ্যাম্প পরিবার রয়েছে।

বর্তমানে রাজস্থান রয়্যালসের ৬৫ শতাংশ মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের কাছে, যার নেতৃত্বে আছেন মনোজ বাদালে। এছাড়া অংশীদার হিসেবে রয়েছে রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স (১৫ শতাংশ) এবং ল্যাচলান মার্ডক (১৩ শতাংশ শেয়ার)।

এদিকে ব্ল্যাকস্টোনের একটি তহবিল আইপিএলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। তারা সরাসরি কোনো দল কিনতে না চাইলেও রাজস্থান রয়্যালস অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights