২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ৩১৯
অনলাইন ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন, এটি চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯০ জন, ঢাকা বিভাগে ৫৯ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৩৪৫ জন। এর আগে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।
