৪০৮ আরোহী নিয়ে ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে যাচ্ছিল।

জরুরি অবতরণ করা এই ফ্লাইটটিতে চার শতাধিক আরোহী রয়েছেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমানটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন।

নাগপুর বিমানবন্দরের সিনিয়র কর্মকর্তা আবিদ রুহি জানান, ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য নিয়ে বিমানটি মাঝ আকাশে একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। ফলে তার গতিমুখ পরিবর্তন করে বুধবার মধ্যরাতে নাগপুরে নিরাপদে জরুরি অবতরণ করে।

নাগপুর বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা অক্ষত আছেন। ফ্লাইটের সব যাত্রীকে অবতরণের পর নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই এয়ারলাইন্সের অন্য আরেকটি বিমানে দুবাইগামী যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights