৫১ বছরেও তারুণ্য ধরে রাখার রহস্য জানালেন মালাইকা

অনলাইন ডেস্ক

এরই মধ্যে বয়স পঞ্চাশের কোঠা পেরিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। তবে তাকে দেখে বোঝার উপায় নেই! যেখানে মধ্য চল্লিশেই বহু নায়িকার চোখে মুখে এবং চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে, সেখানে ৫১ বছরের মালাইকা এখনও দিব্যি ঝরঝরে। কখনও অনায়াসে শীর্ষাসন করছেন, কখনও বালু সৈকতে বিকিনি পরে ফটোশ্যুট করছেন। নিয়মিত জিমে যান তিনি। আবার পাশাপাশি চলে তার নিত্য কাজ— নাচের অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন। এর মধ্যেই কখনও কখনও ট্রেনে চেপে বেড়াতেও বেরিয়ে পড়েন মালাইকা। তবে যেখানেই যান বা যে কাজই করুন মালাইকার সঙ্গে থাকে সুস্বাদু সব খাবার। ভক্তরা প্রায়শই মালাইকার খাওয়া-দাওয়া দেখে প্রশ্ন করেন, এত কিছু খেয়েও তিনি ফিট থাকেন কী করে!

অনুরাগীদের সেই কৌতুহল অবশেষে মেটালেন মালাইকা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তার খাবারের তালিকায় কী কী থাকে। কারণ, গুণীজনেরা বলে গেছেন, ‘ইউ আর হোয়াট ইউ ইট’ অর্থাৎ ‘আপনি আপনার খাদ্যাভ্যাসেরই প্রতিফলন।’

মালাইকার ভিডিও শুরু হয় সকাল ১০টা থেকে। সেই সময় নিজের বাড়িতেই থাকেন মালাইকা। তবে তার মুখের মেকআপ বলছে, এর পরেই হয়তো তিনি বেরে হবেন। তার আগে তিনি চুমুক দিয়ে নিচ্ছেন একটি পানীয়ে।

মালাইকা বলছেন, “১০টা বাজে, এখন আমার এবিসি জ্যুস খাওয়ার সময়।”

আপেলের এ, বিটরুটের বি আর সি হল ক্যারট অর্থাৎ গাজর। মালাইকা জানিয়েছেন, তিনি ওই ফল এবং সব্জির রস খান আদার রস সহযোগে।

চিকিৎসকেরা জানিয়েছেন, আপেল, আদা, বিট এবং গাজরের রসে রয়েছে এমন সব উপাদান, যা শরীরকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। সকালে এই ফলের রস শরীরকে বাড়তি কাজের ক্ষমতাও দেয়।

দুপুর ১২টায় মালাইকাকে দেখা যায় অ্যাভোকাডো টোস্ট খেতে। তবে মালাইকার টোস্টে পাউরুটি নেই। অ্যাভোকাডোরই দু’টি মোটা পরতের মাঝে ডিম অথবা চিকেন দিয়ে তৈরি ওই টোস্টকে মলাইকা বলছেন, “আমার দুপুরের প্রিয় স্ন্যাক।”

মালাইকার পরের খাবার খাওয়ার সময় দুপুর আড়াইটা। দুপুরে মালাইকার মেনুতে খিচুড়ি। হাতে বাটি ভর্তি খিচুড়ি নিয়ে অভিনেত্রী বলেছেন, “আমার প্রিয় খাবার হল খিচুড়ি। দারুণ লাগে। অনেক সব্জি, ডাল দিয়ে তৈরি পুষ্টিগুণে ভরপুর একটা খাবার।”

দুপুরের খাবার খাওয়ার আড়াই ঘণ্টা পর ফল খান মালাইকা। ঠিক বিকাল ৫টায়। তবে বলিউডের অভিনেত্রীর ফলের কৌটায় দেশীয় ফলের জায়গা নেই। কৌটা ভর্তি চেরি আর ব্লুবেরি খেতে খেতে মলাইকা বলেছেন, “বিকাল ৫টায় আমার ফল চাই। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা চেরি আর ব্লুবেরি।”

তারপর? মালাইকা তার খাবারের রুটিনের ভিডিও আর বেশি এগিয়ে নিয়ে যাননি। ১০টা থেকে ৫টাতেই সীমাবদ্ধ রেখেছেন। তবে একইসঙ্গে ভক্তদের কাছে জানতে চেয়েছেন, আমি ওই ভিডিওর একটা দ্বিতীয় পার্ট পোস্ট করব কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights