৫২ বছর পর বিশ্বকাপের টিকিট পেল কঙ্গো

অনলাইন ডেস্ক

দীর্ঘ ৫২ বছর পর আবারও ফুটবলের মহাযজ্ঞে ফিরছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাজারা স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আফ্রিকান এই দেশটি। ১৯৭৪ সালে ‘জাইরে’ নামে প্রথমবার বিশ্বকাপ খেলার পর এটিই তাদের দ্বিতীয়বার বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া।

জ্যামাইকা-কঙ্গো মধ্যকার ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোল আদায় করতে পারেনি কোনো দল। ফলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০০তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জালে জড়িয়ে কঙ্গোকে উল্লাসে ভাসান ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবে। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে কঙ্গো।

বর্তমানে বার্নলিতে খেলা তুয়ানজেবে ম্যাচ শেষে বলেন, ‘দেশের জন্য জয়সূচক গোল করা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন, আমি আজ গর্বিত।’

এই জয়ের ফলে কঙ্গোসহ মাধ্যমে ২০২৬ বিশ্বকাপে আফ্রিকার ১০টি দল অংশ নিতে যাচ্ছে। বিশ্বকাপে কঙ্গো খেলবে কঠিন গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, দক্ষিণ আমেরিকার শক্তি কলম্বিয়া এবং এশিয়ার দেশ উজবেকিস্তান। পর্তুগালের বিপক্ষেই তাদের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ওঠার স্বপ্ন দেখছিল জ্যামাইকা। সেমিফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে ফাইনালে উঠলেও কঙ্গোর রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে কঙ্গো তাদের বাছাইপর্বের দীর্ঘ পথ পাড়ি দিতে নাইজেরিয়ার মতো শক্তিশালী দলকেও পেছনে ফেলে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights