৫৪ রানে অলআউট থেকে অস্ট্রেলিয়া বধ, বাংলাদেশের অবিশ্বাস্য জয় নিয়ে গার্ডিয়ানের বিশ্লেষণ

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসেবে দেখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। পত্রিকাটির বিশ্লেষণে বলা হয়েছে, শুধু দুই দলের শক্তির পার্থক্য নয়, অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচটি জেতার কারণেও বাংলাদেশের এই সাফল্য আলাদা গুরুত্ব বহন করছে।

গার্ডিয়ানের বিশ্লেষক জিওফ লেমন লিখেছেন, বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়াকে হারায়নি, চার দিনের পুরো ম্যাচে একটি সেশনও হারেনি। অথচ এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের কোনো খেলোয়াড়েরই প্রায় আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না। ২০১৫ সালের বিশ্বকাপ দলের তিনজন খেলোয়াড় ছাড়া বাকিদের কেউই অস্ট্রেলিয়ার মাটিতে খেলেননি।

বাংলাদেশের প্রস্তুতিও খুব একটা আশাব্যঞ্জক ছিল না। মূল ম্যাচের আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার উদীয়মান খেলোয়াড়দের দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও টেস্টে চারজন বোলারের বিপক্ষে মাঠে নেমে, যাদের সম্মিলিত টেস্ট উইকেট ১ হাজার ৬০০-এর বেশি, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ।

গার্ডিয়ান মনে করছে, বাংলাদেশের এই জয়কে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের আত্মতুষ্টির ফল বলার সুযোগ নেই। ম্যাচের আগে কিংবা মাঠে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের আচরণে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো প্রমাণও দেখা যায়নি। বরং ভুল শট, ভুল লাইনে খেলা এবং ম্যাচের প্রস্তুতির ঘাটতিই অস্ট্রেলিয়ার হারের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষণে বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের অনাগ্রহের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ২০০০ সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর ২৬ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে হয়েছে মাত্র দুটি।

গার্ডিয়ানের মতে, বাংলাদেশের এই জয় শুধু একটি টেস্ট ম্যাচের ফল নয়। এতে নিজেদের সামর্থ্যের ওপর বাংলাদেশের বিশ্বাস আরও বাড়বে। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান থেকেও অস্ট্রেলিয়াকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ।

ম্যাকেতে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে অস্ট্রেলিয়ার জন্য চাপও তাই বেড়েছে। তবে দ্বিতীয় ম্যাচের ফল যা-ই হোক, ডারউইনের জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে বলে মনে করছে গার্ডিয়ান।

পত্রিকাটির বিশ্লেষণে আরও বলা হয়েছে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের মতো সম্ভাবনাময় দলগুলোকে আরও বেশি সুযোগ দেওয়া প্রয়োজন। কারণ ডারউইনে বাংলাদেশ দেখিয়েছে, নিজেদের সামর্থ্য দিয়ে তারা কতটা এগিয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights