৫ আগস্ট দেশব্যাপী ‘বিজয় র‌্যালি’ করবে খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক

‘গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘বিজয় র‌্যালি’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আজ রবিবার এক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে ছিল এক অবিস্মরণীয় দিন। বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভ সে দিন রূপ নেয় গণ-অভ্যুত্থানে। লাখো ছাত্র-জনতা রাজপথে নেমে আসে এবং গণভবন অভিমুখে শান্তিপূর্ণ মিছিল করে। এই মিছিল ছিল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত জবাব। একপর্যায়ে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেন।’

‌’এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিকে নতুন গতি দিয়েছে এবং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক যুগান্তকারী মাইলফলকে পরিণত হয়েছে। এই বিপ্লবের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস ও এর সহযোগী সংগঠনসমূহ ইতিমধ্যে জুলাই মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘বিজয় র‌্যালি’ পালিত হবে।’

বিবৃতিতে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সকল মহানগর, জেলা ও উপজেলা শাখার প্রতি সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই র‌্যালি পালন করার আহ্বান জানান।

তিনি দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে আলেম-উলামা, ছাত্র, যুবক ও সমাজ সচেতন নাগরিকদের বিজয় র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণেরও আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights