৬টি উদ্যান-ইকোপার্কে প্রবেশমূল্য ৫ গুণ বেড়েছে

অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন, পুরান ঢাকার বলধা গার্ডেনসহ ছয়টি জাতীয় উদ্যান ও ইকোপার্কে প্রবেশমূল্য সর্বোচ্চ পাঁচগুণ বাড়ানো হয়েছে। এ মূল্য গত ১ জুলাই থেকে বেশির ভাগ উদ্যান ও ইকোপার্কে কার্যকর হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ থেকে গত ২১ এপ্রিল একটি প্রজ্ঞাপনে ফি বাড়ানোর এ তথ্য জানানো হয়। ওই প্রজ্ঞাপনে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন (জাতীয় উদ্ভিদ উদ্যান) এবং ওয়ারীর বলধা গার্ডেনে ফি বাড়ানোর তথ্য জানানো হয়। এর পাশাপাশি কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজারের লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যান, চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক এবং ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কে প্রবেশমূল্য বাড়ানোর কথা বলা হয়। এর মধ্যে মধুটিলা ইকোপার্ক বাদ দিয়ে সব কটি জাতীয় উদ্যান ও পার্কের প্রবেশমূল্য ইতোমধ্যে বাড়ানো হয়েছে।

ফলে এখন থেকে ওই ৬ উদ্যান-ইকোপার্কে প্রবেশের জন্য ১২ বছরের বেশি বয়সী দর্শনার্থীদের জনপ্রতি ১০০ টাকা ফি দিতে হবে। যেখানে আগে প্রবেশ ফি ছিল ২০ টাকা। আর ১২ বছরের কম বয়সীদের এখন দিতে হবে ৫০ টাকা। আগে এটি ছিল ২০ টাকা।
প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের দল বোটানিক্যাল গার্ডেনে গেলে ১০০ জনের একটি দলের জন্য ১ হাজার টাকা ফি দিতে হবে। এমন দলে শিক্ষার্থীর সংখ্যা ১০০ জনের বেশি হলে দিতে হবে ১ হাজার ৫০০ টাকা।

প্রজ্ঞাপনে বিদেশি পর্যটকদের প্রবেশ ফিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। পর্যটকদের প্রতিজনে ফি দিতে হবে ১ হাজার টাকা বা সমমূল্যের মার্কিন ডলার।

জাতীয় উদ্যানের ক্ষেত্রে বলা হয়েছে, শরীরচর্চার জন্য উদ্যানে যারা নিয়মিত হাঁটতে যান, তাদের জন্য বাৎসরিক প্রবেশ কার্ড করতে হবে। এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। প্রাতর্ভ্রমণের জন্য সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ৬টা থেকে ৭টা পর্যন্ত উদ্যানে থাকতে করতে পারবেন এই কার্ডধারীরা। অর্থাৎ, শরীরচর্চা বা প্রাতর্ভ্রমণের জন্য উদ্যানে অবস্থান করা যাবে মাত্র এক ঘণ্টা। যেখানে শরীরচর্চার জন্য আগে উদ্যানে প্রবেশে কোনো ফি দিতে হতো না। কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট উদ্যানের ইজারাদারের কাছে আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights