অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় পুরান ঢাকার চার প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত পুরান ঢাকার কামালবাগের দেবিদাস ঘাট লেনে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযানকালে আদালত প্রথমে ৩০/৬ নম্বর হোল্ডিংস্থ মধুমতি প্লাস্টিক কারখানায় যান। সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার পাশাপাশি ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি সংক্রান্ত অন্যান্য শর্ত পূরণ না করায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরে আদালত অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পার্শ্ববর্তী শরীফ প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা এবং অন্য আরও ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

সবমিলিয়ে আদালত আজকের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ জরিমানা করে। অভিযানকালে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লালবাগ জোনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এস এম সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights