অচেনা নম্বর থেকে ফোন, লাখ রুপি খোয়ালেন শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র, টলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী। তবে এখনও বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। এবার লক্ষ রুপির জালিয়াতির চক্রে পড়েছেন এই অভিনেত্রী।

শ্রীলেখা জন্মদিন ছিল ৩০ আগস্ট। ঠিক তার আগের দিনই ঘটেছে অঘটন। একটি অচেনা নম্বর থেকে এসেছিল ফোন। সে ফোনটি তুলতেই ঘটে বিপত্তি। জনৈক ব্যক্তি অভিনেত্রীকে তার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তার পর যে কী করে কী ঘটে গেল তা বুঝতে পারেননি শ্রীলেখা। এমনিতেও তখন তিনি অসুস্থও ছিলেন। জ্বরে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। রক্তপরীক্ষাও করাতে হয়। এই অবস্থায় ওই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক থেকে লক্ষাধিক রুপি খোয়া গেল শ্রীলেখার।

গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, “নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত রুপি খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লাখের বেশি রুপি জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি।”
অভিনেত্রী জানালেন, খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে পুলিশ। এখন সবটাই সময়সাপেক্ষ। খোয়া যাওয়া রুপি কি আদৌ ফেরত পাবেন শ্রীলেখা? এখনই নিশ্চিত করে বলতে পারছেন না অভিনেত্রী।

সম্প্রতি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিটির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। আগামী দিনে আবারও নিজের পরিচালনার কাজ শুরু করবেন। কথাবার্তা চলছে। ভাল প্রযোজকের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights