অটোরিকশায় পুড়ে অঙ্গার চালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ঘটনাস্থলে পুড়ে অঙ্গার হয়েছেন ওই সিএনজির চালক আবদুস সবুর। গতকাল চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত অটোচালক সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকার ইছামতী আলীনগরের মফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশাটি ছিল। পেছন থেকে পুলিশের একটি গাড়ি ধাওয়া দেয় ট্রাকটিকে। তখন দ্রুত পালাতে গিয়ে সামনের অটোরিকশায় ধাক্কা লাগে। তখনই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই অটোরিকশার ভিতরে থাকা চালক পুড়ে অঙ্গার হয়ে গেছেন। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, যেখানে ঘটনা ঘটেছে সেখানে জেলা ট্রাফিক পুলিশ থাকার কথা নয়। স্থানীয়রা বলছেন, ট্রাফিক পুলিশই করেছে। এ মুহূর্তে বিষয়টিতে পুলিশ জড়িত কি না তা তদন্ত ছাড়া বলা যাবে না। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করে তাতে যদি কোনো পুলিশ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে থানা পুলিশের ওসি খান মোহাম্মদ এরফান বলেন, হাইওয়ে পুলিশের কোনো লোক ওখানে যায়নি। আমরা যতটুকু জেনেছি, জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট সবুজের নেতৃত্বে বেলা দেড়টা থেকে সেখানে চেকপোস্ট বসানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights