অটোরিকশা চালককে হত্যার পর মাটিচাপা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়েছে। রবিবার গভীর রাতে রাজশাহীর এয়ারপোর্ট থানার ভুগরইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালকের লাশ একটি কালাই খেতে পুঁতে রাখা অবস্থায় সোমবার সকালে পুলিশ উদ্ধার করেছে। নিহত ওই অটোরিকশা চালকের নাম সিরাজুল ইসলাম (৬৫)। নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে তার বাড়ি।

অটোরিকশা চালককে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন, রাতুল, ফিরোজ ও শুভ। রাজশাহীতেই তাদের বাড়ি বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার।

তিনি জানান, রবিবার গভীর রাতে ওই তিনজন অটোরিকশাচালক সিরাজুল ইসলামকে হত্যা করে লাশ পুঁতে রাখে। এরপর তারা সিরাজুলের অটোরিকশা নিয়ে চলে যায়। সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গিয়ে তারা অটোরিকশাটি বিক্রির চেষ্টা করে। এ সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে গোদাগাড়ী থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে। এরপর বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে জানায়। পরে ওই তিনজনের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। কলাই খেতে মাটিচাপা দিয়ে পুঁতে রাখা হয়েছিল সিরাজুলের লাশ। এর আগে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

ওসি শাহিন আকতার জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights