অধ্যক্ষ-উপাধ্যক্ষ বিরোধী আন্দোলন : সিটি কলেজ আরও ২ দিন বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে একদিন ঢাকা সিটি কলেজ বন্ধ রাখার পর আরও দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নোটিশ দিয়ে বুধবার (৩০ অক্টোবর) ও পরদিন বৃহস্পতিবার ছুটির ঘোষণা করেছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজি নেয়ামুল হকের সই করা নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০ ও ৩১ অক্টোবর কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। তবে কলেজ অফিসের কার্যক্রম যথারীতি চালু থাকবে। নোটিশটির অনুলিপি উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ শিক্ষক, কো-অর্ডিনেটর, পরীক্ষা কমিটি এবং অফিস সুপারিন্টেনডেন্টকে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত নোটিশে আজকের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছিল।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এতে কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এসময় তাদের অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা কলেজ পরিচালনায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। পরে দুপুর ২টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজের নিচতলার লাউঞ্জে শিক্ষকদের সঙ্গে আলোচনায় অংশ নেন। আলোচনায় শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights