অধ্যাপক মনিরুজ্জামানকে প্রধান করে জাকসুর নির্বাচন কমিশন গঠন

জাবি প্রতিনিধি

ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ২০২৫-এর জন্য নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর গঠনতন্ত্রের ৮(৬) ধারা অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান নির্বাচনি কমিশনার এবং তার সভাপতিত্বে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খ. লুৎফুল এলাহী, বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমকে সদস্যসচিব করে নির্বাচন কমিশন নিয়োগ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক, অফিসার এবং কর্মচারীকে নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হলো।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, প্রায় তিন দশক পর জাকসু আয়োজিত হচ্ছে। দীর্ঘদিন ধরে জাকসু না থাকায় শিক্ষার্থীদের মাঝে এক প্রকারের নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। আমি আশাবাদী যে আমরা সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক জাকসু নির্বাচনের মাধ্যমে পুনরায় শিক্ষার্থী প্রতিনিধিত্ব তৈরি করতে পারব। তবে এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীসহ সকল অংশীজনদের সহায়তা একান্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights