অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা প্রতারণা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)। তাদের বাড়ি নড়াইলে।

আজ বিকালে ডিবি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে চক্রটি। আগ্রহী ক্রেতাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হতো। এরপর অস্ত্র দেওয়ার কথা বলে ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতাকে ব্লক করে দিতেন চক্রের সদস্যরা।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের কর্মকর্তারা জানান, গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণের সময় ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন নজরে আসে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই পেজের অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়।

২৪ আগস্ট রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আকাশ ও রুমানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের হয়ে এভাবে প্রতারণা করতেন। অনলাইনে অস্ত্রের ছবি ও ভিডিও দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হতো। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো। এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights