‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন : আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

অনলাইন ডেস্ক

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে নতুন সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন করা হয়েছে। ৯ সদস্যের আহ্বায়ক কমিটিতে রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু আহ্বায়ক এবং ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ সদস্যসচিব নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৮ জুলাই দেশের শীর্ষস্থানীয় ১১টি নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের সম্পাদক ও প্রকাশকেরা বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বরাদ্দ, খাতটির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পাদকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং ভবিষ্যতে সরকার ও নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর মধ্যে সমন্বিত আলোচনা এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

একই দিনে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২৮ জুলাই পৃথক বৈঠকে আহ্বায়ক কমিটির নাম চূড়ান্ত করা হয়।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আহ্বায়ক কমিটির প্রধান দায়িত্ব হবে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন প্রদানের কার্যক্রম চালুর লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা এগিয়ে নেওয়া এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধনে অংশীজন হিসেবে সরকারকে সহায়তা করা। একই সঙ্গে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফোরামে নতুন সদস্য অন্তর্ভুক্তি, গঠনতন্ত্র প্রণয়ন এবং সেই গঠনতন্ত্রের ভিত্তিতে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে।

আহ্বায়ক কমিটির প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ।

আহ্বায়ক কমিটি

আহ্বায়ক

শরিফুজ্জামান পিন্টু, সম্পাদক, রাজনীতি ডটকম

সদস্যসচিব

গোলাম ইফতেখার মাহমুদ, সম্পাদক, ঢাকা স্ট্রিম

নির্বাহী সদস্যরা

তৌহিদুল ইসলাম মিন্টু, সম্পাদক, বাংলানিউজ২৪ডটকম, শেখ নজরুল ইসলাম, সম্পাদক, খবর সংযোগ, কে. এম. জিয়াউল হক, সম্পাদক, জাগোনিউজ২৪, উদিসা ইসলাম, নির্বাহী সম্পাদক, বাংলা ট্রিবিউন, হারুন জামিল, নির্বাহী সম্পাদক, ঢাকা মেইল, মো. শাহাদাত হোসেন, সম্পাদক, দেশ সমাচার ও তাপস রায়, নির্বাহী সম্পাদক, রাইজিং বিডি।

অনলাইন এডিটরস ফোরামের সদস্য প্রতিষ্ঠান

জাগোনিউজ২৪ডটকম, ঢাকা পোস্ট, ইউএনবি, বাংলানিউজ২৪ডটকম, সারাবাংলা, খবর সংযোগ, দ্য ডেল্টাগ্রাম, নিউজবাংলা২৪ ডটকম, এনার্জি অ্যান্ড পাওয়ারবিডি ডটকম, নিউজনেক্সট, ডেইলি খবর, ঢাকা মেইল, বাংলা ট্রিবিউন, দেশ সমাচার, রাইজিংবিডি, ঢাকা স্ট্রিম, সোনালী নিউজ, ম্যাজিক বাঙলা টিভি, রাজনীতি ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights