অনলাইন প্রতারণায় বিদেশি হাত, গাজীপুরে চীনা নাগরিকসহ পাঁচজন ধরা

গাজীপুর প্রতিনিধি

ঘরে বসে অনলাইনের মাধ্যমে আয় করার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে এক চীনা নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকেলে জিএমপির উপ-কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন—চীনের নাগরিক মা ফিউবিন, টাঙ্গাইলের মিজানুর রহমান (৩১), আব্দুল সাত্তার (৪২), বগুড়ার মাসুম বিল্লাহ (২৫) এবং দিনাজপুরের আসাদুজ্জামান (৩২)।

জিএমপি সূত্র জানায়, গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি চৌকস টিম সাইবার ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, চীনের নাগরিক মা ফিউবিন বাংলাদেশে এজেন্ট হিসেবে থেকে চীনের বসবাসরত সহযোগীদের সঙ্গে মিলে টেলিগ্রাম অ্যাপের ‘Way Fair Works Solutions01357’ আইডি ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইনে আয় করার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।

তারা আরও স্বীকার করেছে, প্রতারণার মাধ্যমে আদায় করা টাকা বাংলাদেশি সহযোগীদের বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিজেরা আত্মসাৎ করত। এ ঘটনায় জিএমপি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) রেজাউর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights