অনলাইন ভার্সন ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প

অনলাইন ডেস্ক
ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনাকে ইচ্ছাকৃত নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি ৭ সম্মেলনের ফাঁকে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধের বাস্তবতায় ভুল হতেই পারে, বিষয়টি এখনো তদন্তাধীন।

গত ফেব্রুয়ারিতে দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনায় ১৭৫ জনেরও বেশি শিশু ও শিক্ষক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক অভ্যন্তরীণ তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে হামলার জন্য মার্কিন বাহিনীই সম্ভবত দায়ী। তবে পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল স্বীকার করেনি এবং তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।

জি ৭ সম্মেলনের ফাঁকে মিনাবের ওই হামলা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বিষয়টি তদন্তাধীন এবং এমন প্রশ্ন করাটাই অদ্ভুত। তিনি পাল্টা অভিযোগ করেন, ইরান হাজার হাজার সেনা হত্যা করেছে, সেটিও বিবেচনায় আনা উচিত।

ট্রাম্প আরও বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে ওই হামলা চালায়নি। যুদ্ধ খুবই নিষ্ঠুর এবং ভুলত্রুটি হতেই পারে।

উল্লেখ্য, হামলার পরপরই ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ইরানকে দায়ী করেছিলেন। তবে পরে তিনি তার অবস্থান পরিবর্তন করে বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি নিশ্চিত কিছু বলতে চান না এবং ফলাফল মেনে নেবেন।

গত মাসে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জানিয়েছেন, এই তদন্ত বেশ জটিল। কারণ, সংশ্লিষ্ট বিদ্যালয়টি ইরানের একটি সক্রিয় ক্রুজ মিসাইল ঘাঁটির সীমানার মধ্যে অবস্থিত। তিনি জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

স্কুলটির আর্কাইভ তথ্য অনুযায়ী, এটি ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসির একটি স্থাপনার পাশেই অবস্থিত ছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, হামলার লক্ষ্য নির্ধারণে মার্কিন কর্মকর্তারা সম্ভবত পুরোনো গোয়েন্দা তথ্য ব্যবহার করেছিলেন।

সূত্র: স্কাই নিউজ, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights