অনলাইন ভার্সন মানবিকের ছাত্রী পেল বাণিজ্যের প্রবেশপত্র, বিপাকে পরীক্ষার্থী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মানবিক বিভাগের এক এসএসসি পরীক্ষার্থীকে বাণিজ্য বিভাগের প্রবেশপত্র দেওয়ায় চরম বিপাকে পড়েছেন তিনি। পরীক্ষার মাত্র একদিন আগে এমন ঘটনায় পরিবার ও এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী মোছা. জারিন তাসনিন সন্ধি। তিনি উপজেলার উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। নবম ও দশম শ্রেণিতে মানবিক বিভাগে পড়াশোনা করে বার্ষিক পরীক্ষায় ৮০৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন।

রবিবার দুপুরে শিক্ষকদের কাছ থেকে প্রবেশপত্র নেওয়ার পর দেখা যায়, সেটি বাণিজ্য বিভাগের। বিষয়টি জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং প্রবেশপত্রটি বিদ্যালয়ে ফেরত দেন।

সন্ধি জানায়, সে দীর্ঘদিন মানবিক বিভাগে পড়াশোনা করেছে এবং সব বিষয়ে প্রস্তুতি নিয়েছে। এখন হঠাৎ করে বাণিজ্য বিভাগের প্রবেশপত্র পাওয়ায় পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জোতমোড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়াশোনা শেষে পাশের উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা তার। তবে নবম শ্রেণিতে শুরুতে কিছুদিন বাণিজ্য বিভাগে পড়লেও পরে মানবিকে চলে আসে। কিন্তু সেই পরিবর্তন কাগজপত্রে সংশোধন করা হয়নি বলেই এই জটিলতা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষার্থীর নানা বাদল বিশ্বাস বলেন, এতদিন এক বিষয়ে পড়াশোনা করার পর হঠাৎ অন্য বিষয়ের প্রবেশপত্র দিলে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। দ্রুত সমাধান চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, যে বিভাগে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই অনুযায়ী প্রবেশপত্র এসেছে। বিষয়টি বোর্ডের সঙ্গে আলোচনা করে দেখার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে জোতমোড়া নিম্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, শিক্ষার্থী প্রথমে বাণিজ্য বিভাগে রেজিস্ট্রেশন করেছিল। এখন বিষয়টি নিয়ে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights