অনুমতি ছাড়া রাখা যানবাহন অপসারণে জবি প্রশাসনের নির্দেশ, নিলামের হুঁশিয়ারি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহিদ সাজিদ ভবনের বেইজমেন্টে প্রশাসনের অনুমতি ছাড়া রাখা বিভিন্ন যানবাহন দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে যানবাহন সরিয়ে না নিলে সেগুলো নিলামের আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ সাজিদ ভবনের বেইজমেন্টে প্রশাসনের অনুমতি ছাড়াই রাখা সাইকেল, মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট যানবাহনের মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র, বিশেষ করে মোটরযানের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সঙ্গে যোগাযোগ করে যানবাহন গ্রহণ ও অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে এ বিষয়ে একাধিকবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপরও অব্যবস্থাপনা দূর করতে এবং বেইজমেন্টের শৃঙ্খলা বজায় রাখতে সর্বশেষ এ নির্দেশনা দেওয়া হয়েছে।

_____________________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights