অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট: বাংলাদেশের গ্রুপে ভারত

অনলাইন ডেস্ক

আগামী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৪ সালে শ্রীলঙ্কায় বসবে যুব বিশ্বকাপের এই আসর।

১৫তম আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বেই এবার মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

২০২৪ সালের ১৩ জানুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ১৬ দলের এই টুর্নামেন্ট। সেই আসরের ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফরম্যাটেও পরিবর্তন এনেছে আইসিসি। প্রতিটি গ্রুপ থেকে দুই দলের পরিবর্তে সেরা তিন দলই জায়গা পাবে পরের ধাপে। চার গ্রুপ থেকে ১২ দল নিয়ে হবে দুই গ্রুপের সুপার সিক্স পর্ব। সুপার সিক্স পর্বে গ্রুপ ‘এ’ ও ‘ডি’-এর ছয় দল নিয়ে একটি গ্রুপ এবং গ্রুপ ‘বি’ ও ‘সি’র ছয় দল নিয়ে আরেকটি গ্রুপ গঠিত হবে। প্রতিটি দল সুপার সিক্সে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে, প্রতিপক্ষ হবে অপর গ্রুপ থেকে উঠে আসা ভিন্ন অবস্থানের দুই দল। অর্থাৎ বাংলাদেশ যদি ‘এ’ গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার সিক্সে ওঠে, সেখানে প্রতিপক্ষ হিসেবে পাবে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় হওয়া দলকে। সুপার সিক্স পর্বের দুই গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ৪ ফেব্রুয়ারি ফাইনাল হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেপাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights