‘অন্যদের সুযোগ দিতেই বেঞ্চে থাকতে চেয়েছিলেন মেসি’

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়েই ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল লিওনেল মেসির শুরুর একাদশে না থাকা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, বেঞ্চে বসার সিদ্ধান্তটি ছিল মেসির নিজের। অধিনায়ক চেয়েছিলেন অন্য সতীর্থরা মাঠে নামার সুযোগ পাক এবং তিনি নকআউট পর্বের আগে সতেজ থাকতে পারেন।

স্কালোনি বলেন, ‘আজ মেসি চাইলে পুরো ৯০ মিনিট খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, চাইলে নিজের গোলসংখ্যাও বাড়াতে পারত। কিন্তু সে চেয়েছে অন্যরা খেলুক, যেন সবাই আগামী ম্যাচগুলোর জন্য প্রস্তুত হতে পারে। এটাই তার মহত্ত্ব। মানুষ যেখানে রেকর্ড আর পরিসংখ্যান নিয়ে ব্যস্ত থাকে, লিও সেখানে দলকেই সবার আগে রাখে।’

যদিও শুরুতে মাঠে নামেননি, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেই নিজের ছাপ রাখেন মেসি। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনার জয়কে আরও স্বস্তিদায়ক করে তোলেন তিনি।

গ্রুপ পর্ব শেষ করে এবার রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে দেখছেন না স্কালোনি।

আর্জেন্টাইন কোচ বলেন,‘কেপ ভার্দে অসাধারণ একটি দল। গ্রুপ পর্বে তারা স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব—প্রতিটি দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। তারা দ্রুতগতির, সংগঠিত এবং মানসম্পন্ন ফুটবল খেলে। এই বিশ্বকাপে কাউকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।’

জর্ডানের বিপক্ষে ম্যাচটি স্কালোনি ব্যবহার করেছেন মূলত স্কোয়াডের গভীরতা যাচাইয়ের জন্য। নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেন তিনি। এর মধ্যে সবচেয়ে বড় চমক ছিল মিডফিল্ডার এজেকিয়েল পালাসিওসকে রাইটব্যাক হিসেবে খেলানো।

এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এই পজিশনে আমাদের বিকল্প তৈরি রাখা প্রয়োজন। নাহুয়েল মলিনাকে বিশ্রাম দিয়েছি, কারণ সে দীর্ঘ বিরতির পর ফিরেছে। আর গঞ্জালো মন্তিয়েলকে নিয়েও ঝুঁকি নিতে চাইনি। নকআউট পর্বের আগে নতুন বিকল্প পরীক্ষা করার জন্য এটিই ছিল আদর্শ ম্যাচ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights