অপহৃত উদ্ধারে গিয়ে সন্ধান ইউপিডিএফের আস্তানার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পেয়েছেন তারা। এ সময় আস্তানা থেকে চাঁদা আদায়ের রসিদ, সামরিক ইউনিফর্মসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।

গতকাল ভোরে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারিপাড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি ঘরে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ সদস্যদের ব্যবহৃত তিন জোড়া পোশাক ও ১৯টি ইউনিফর্মের প্যান্ট, গুলি, একটি ল্যাপটপ, কয়েকটি ওয়াকিটকি, জিম্মি ধরে রাখার লোহার চেইন ও চাঁদা আদায়ের রসিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে জেলা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করে অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথা জানান।

গত বুধবার খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights