‘অপারেশন গজব লিল-হক’: ৫৫ সেনা নিহত না ৮০ ট্যাংক ধ্বংস, কোনটা সত্য?
অনলাইন ডেস্ক
সীমান্তে টানা উত্তেজনার মধ্যে নতুন করে বড় সামরিক অভিযানের দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, অপারেশন গজব লিল হক নামে চালানো অভিযানে আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস এবং ৯টি দখল করা হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোশাররফ জাইদি বলেন, আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা জবাব অব্যাহত রয়েছে। তাঁর দাবি, এই অভিযানে তালেবানের ৮০টিরও বেশি ট্যাংক, কামান এবং অস্ত্রধারী সৈন্যবাহী যান এপিসি ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা দাবি করেছে, তারা বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং দুটি ঘাঁটি দখল করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, এ অভিযানে মোট ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে নানগারহার প্রদেশে একটি সড়ক দিয়ে সামরিক যান চলাচলের ভিডিও প্রকাশিত হয়। রয়টার্সের প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, সীমান্তে টানা উত্তেজনার পর তালেবান পাকিস্তানের স্থাপনায় প্রতিশোধমূলক হামলার দাবি করলে রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে।
তবে উভয় পক্ষের দেওয়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকেই পাকিস্তান, আফগানিস্তান একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে আসছে। ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
সোর্সঃ বিবিসি, রয়টার্স
