অফিস সহায়ক পদে ‘প্রক্সি’ দিয়ে লিখিত পার, মৌখিক পরীক্ষায় আটক ছয় প্রার্থী

অনলাইন ডেস্ক

ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় পাস করে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন ছয়জন। শুক্রবার রাতে তাদের আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আটক ছয়জন হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুরের মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলার মো. রাকিব হাসান ও মো. শুভ মিয়া, নীলফামারীর কিশোরগঞ্জের মো. সবুজ ইসলাম এবং গোপালগঞ্জের কাশিয়ানীর মো. রাকিবুল হাসান।

এই ছয়জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‌‘আমরা তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠাব। সেখানেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান এক বার্তায় জানিয়েছেন, মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুক্রবার সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সময় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসংগতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে ছয়জন প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন।’

বার্তায় বলা হয়, পরে তাদের রাত পৌনে ১০টার দিকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, এই অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা গত ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights