অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করলেন ম্যাজিস্ট্রেট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার শিক্ষার্থীদের তোপে পড়ে অবরুদ্ধ হন উপজেলার ছয়গড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগম।

সোমবার দুপুর ১২টার দিকে তিনি বিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা তাকে বাধা দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাকে ঘিরে রাখে এবং পদত্যাগ করতে বলে। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসেন।

এর আগে, রবিবার সকালে সেলিনা বেগমের বরখাস্তের দাবিতে বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, মোছা. সেলিনা বেগমের দায়ের করা মামলায় মানসিক নির্যাতনে বিদ্যালয়ের ভূমি দাতা ও সাবেক সভাপতি আবুল বাশার ওরফে মো. মোবারক হোসেনের মৃত্যু হয়েছে। গত ১০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তারা সেলিনা বেগমকে শিক্ষক হিসেবে চায় না। তবে, সেলিনা বেগম প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

শিক্ষক ও এলাকাবাসী জানায়, বিদ্যালয় পরিচালনা কমিটি গত ৫ জুলাই মোছা. সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে যাননি। হঠাৎ করে সোমবার দুপুরে তিনি বিদ্যালয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, আজ সকালে তিনি স্কুলে গেলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া ওই শিক্ষককে উদ্ধার করার কথা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights