অবশেষে হচ্ছে বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে অবশেষে নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় দুই পক্ষের মধ্যে সমঝোতার পর আগামী ২৮ আগস্ট পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে ‘তৌহিদী জনতা’র ব্যানারে স্থানীয় একটি পক্ষ এর বিরোধিতা করায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাতে এশার নামাজের পর বারইগ্রাম বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষের আলোচনার পর শর্তসাপেক্ষে এ বছর নৌকাবাইচ আয়োজনের বিষয়ে সম্মতি দেওয়া হয়।
সমঝোতার অন্যতম শর্ত হলো, আগামী বছর থেকে সুনাই নদীতে আর নৌকাবাইচের আয়োজন করা যাবে না।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় নির্ধারিত সময়েই নৌকাবাইচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী বছর থেকে আয়োজন না করার শর্তে বিরোধিতাকারীরা এবার নৌকাবাইচে সম্মতি দিয়েছেন বলে তিনি শুনেছেন।
এর আগে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হওয়ায় প্রতিযোগিতাটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে সেই অনিশ্চয়তা কাটল। এখন ২৮ আগস্ট সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজনের অপেক্ষায় স্থানীয়রা।
