অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না: ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবাস্তব পন্থায় বা অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে সরকার কাজ করতে চায় না বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

তিনি বলেছেন, আমরা জনগণের প্রত্যক্ষ ভেটে নির্বাচিত হয়েছি। আগামীবারও যেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারি সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই। জনগণের সামনে মাথা উঁচু করে দাড়াঁতে পারি এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভোট চাইতে পারি সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মাসুদ আলম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী প্রমুখ।

মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সংশ্লিষ্ট সকলের কাছে একটি আবেদন করেছেন, সেটি হলো-বাংলাদেশের প্রকৃত মালিক এ দেশের জনগণ। এ মালিকরা যখন আমাদের কাছে সেবা গ্রহণ করতে আসে তখন তারা যেন আমাদের সেবা গ্রহণ কার্যক্রম অনুভব করতে পারেন। ভালো সেবাটা যেন তারা পায়। আমাদের সবার লক্ষ্য হলো- মানুষের সেবা প্রদান করা। জনগণকে সঠিক সেবাটা সম্মানের আন্তরিকতার সঙ্গে সততা এবং নিষ্ঠার সঙ্গে প্রদান করা।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সকল কার্যক্রম যেন প্রধানমন্ত্রীর আহ্বানকে মাথায় রেখে পরিচালনা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে- সমাজের প্রথম সুবিধা বঞ্চিতদের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সেই প্রচেষ্টায় আছি। আমরা চেষ্টা করছি একেবারে প্রান্তিক পর্যায়ে আমাদের দায়িত্বে যেগুলো আছে, বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের অধীনে যেসকল দপ্তর আছে সেখানে দুর্নীতিকে আস্তে আস্তে কীভাবে কমিয়ে আনা যায়। জমি সংক্রান্ত সব সেবা ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights