অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ডাটা এন্ট্রি অপারেটর আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সুশান্ত চন্দ্র বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল থানার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

রবিবার ভোরে উপজেলার গুটিবাড়ী বিওপির মোংলামবস্তি চা-বাগান এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির টহল দল তাকে আটক করে। ওই এলাকায় সীমান্ত পিলার ১৯৩৯/এম রয়েছে।

বিজিবি জানায়, সুশান্তের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, দুটি জাতীয় পরিচয়পত্র, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

৫৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি আবাসিক হোটেলে ওঠেন সুশান্ত। সেখান থেকে এক দালালের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করেন তিনি। ২০১৬ সালে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সুশান্ত গত এক মাস ধরে কোনো অনুমতি বা ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক সুশান্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights